স্বজনের খোঁজ নিন ভার্চ্যুয়ালে: প্রধানমন্ত্রী

২৪ মে, ২০২০ ২১:৪১  
করোনা মহামারির এ সময়ে সশরীরে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে না পারলেও টেলিফোন বা ভার্চ্যুয়াল মাধ্যমে আত্মীয়স্বজনের খোঁজখবর নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে ঘরে বসে পরিবারের সদস্যেদর সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোববার সন্ধ্যায় জাতিও উদ্দেশে দেয়া ভাষণে এই অনুরোধ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন,  ‘এ বছর আমরা সশরীর পরস্পরের সঙ্গে মিলিত হতে বা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে না পারলেও টেলিফোন বা ভার্চ্যুয়াল মাধ্যমে আত্মীয়স্বজনের খোঁজখবর নেব।’ করোনার ভয়াবহতার এ সময়ে সাহায্য–সহযোগিতা নিয়ে মানুষের পাশে সরকার থাকবে বলেও প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা।   পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করার পাশাপাশি দরিদ্র প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালনের কথাও স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই দুঃসময়ে আপনি আপনার দরিদ্র প্রতিবেশী, গ্রামবাসী বা এলাকাবাসীর কথা ভুলে যাবেন না। আপনার যেটুকু সামর্থ্য আছে, তা-ই নিয়ে তাঁদের পাশে দাঁড়ান। তাহলেই ঈদের আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার ঘর এবং হৃদয়-মন।’ প্রধানমন্ত্রী জানান, এর আগে জাতির পিতার জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান, স্বাধীনতা দিবস এবং বাংলা নববর্ষের অনুষ্ঠানও জনসমাগম এড়িয়ে রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে উদযাপন করা হয়েছে।   ভাষণের শুরুতেই বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটির কয়েক চরণ তুলে ধরে ভাষণ শেষ করেন শেখ হাসিনা।